
সউদী আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হামলার জেরে বিমান চলাচলে বিঘ্নের পাশাপাশি শহরের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, এক দিনের মধ্যে তৃতীয়বারের মতো রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাঁর ভাষ্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছাড়া নজরান বিমানবন্দর ও খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৫টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা নির্ধারিত আগমনী ফ্লাইটের প্রায় ৪০ শতাংশ এবং প্রস্থানকারী ফ্লাইটের ৩০ শতাংশ। এ পরিস্থিতিতে লুফথানসা ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি বিমান সংস্থা রিয়াদে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।
সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আকাশে বাধা দেওয়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রে পড়ে স্থাপনা দুটিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা সংস্থাটি জানায়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে সউদী আরবের বিমানবন্দরগুলোতে হামলায় তিনজন নিহত হয়েছেন। সউদী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হন।







