, ।
।

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মসজিদের খতিবকে অব্যাহতি

শিকড় সন্ধানে ডেস্ক

জুমার খুতবায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার পর ময়মনসিংহের নান্দাইলের একটি মসজিদের খতিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।

অব্যাহতি পাওয়া ওই খতিবের নাম মাওলানা মোজাহিদুল ইসলাম। তিনি নান্দাইল পৌরসভার বেতাল মহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ অক্টোবর জুমার খুতবায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পর রোববার তিনি স্থানীয় থানাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার নামাজের আগে খুতবায় মাওলানা মোজাহিদুল ইসলাম মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং সেগুলো থেকে মুসলমানদের বেরিয়ে আসার বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যের প্রসঙ্গ টেনে তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন। মাওলানা মোজাহিদুল ইসলামের দাবি, তার ওই বক্তব্যের পর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ঘটনাটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন স্থানীয় বাসিন্দা মন্তব্য করেন, একজন খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানোতেই সীমাবদ্ধ নয়; সত্য কথা বলাও তার দায়িত্বের অংশ। তার বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনা করে বিষয়টি সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত হয়নি বলেও মত দেন তারা।

মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। খুতবার আলোচ্য বিষয়ের উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনার প্রসঙ্গ এনেছিলেন। তার অভিযোগ, মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.