, ।
।
এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন

শিকড় সন্ধানে ডেস্ক

গোপালগঞ্জে আবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগীরা তাণ্ডব চালিয়েছে। টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠনটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। এ সময় থানার ভেতরে ভাঙচুরের পাশাপাশি পুলিশের কয়েকটি গাড়ি ও থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও সংগঠনগুলোর নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

এরপর লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করেন।

। এ সময় পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা থানা থেকে কিছুটা দূরে সরে গিয়ে অবস্থান নেন। পুলিশের কয়েকটি গাড়ি ও থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৯ নভেম্বর দেশে ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেটার প্রস্তুতির অংশ হিসেবে গত রোববার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে।

। সেখানে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমপি জিলানীর বাড়িতে আগুন

এদিকে রাত পৌনে ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.