
মুন্সীগঞ্জের শ্রীনগরে দাদার সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় তখনও রোদ ওঠেনি কিন্তু তার আগেই দুইটা পরিবারে নেমে আসে চির অন্ধকার।
মৃত শিশুরা হলো- হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে মোস্তাফিজুর আর অন্যজন সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে আলিফ।
পরিবার সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে গিয়েছিলেন পাশের পুরোনো বাড়িতে বেড়াতে। একটু গল্পে ব্যস্ত হয়েছিলেন তিনি। আর এই ফাঁকেই খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে গিয়েছিল ৪ বছরের মোস্তাফিজুর আর ৩ বছরের আলিফ। তারা দুজনে চাচাতো ভাই।
তাদের মায়েরা সকালে খাবার খাওয়ানোর জন্য খুঁজতে গিয়ে দেখেন ছেলেরা কোথাও নেই। ঘর, উঠান, পাশের বাড়ি কোথাও না পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। সবাই মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায় দুই শিশুকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আনলেও ততক্ষণে সব শেষ।
বাবা প্রবাসে, ছেলে বেড়ে উঠছিল দাদা-দাদির আদরে। আজ সেই বাড়িতেই কান্নার রোল। দুই মায়ের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো হাসাড়া।
প্রতিবেশীরা বলছেন, কিছুক্ষণ আগেও যে দুই শিশু হাসতে হাসতে খেলছিল, এখন তাদের বাড়িতে শুধুই নীরবতা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএস/এমএ









