দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ অধিকতর সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত ডিজাইনের ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
নতুন টেবিল অনুযায়ী, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার ‘শেল এন্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান রাখা হয়েছে। প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার ‘শেল এন্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
এ মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের কথা বলা হয়েছে।
