, ।
।

ত্রিভূজ প্রেমের গল্পে অপূর্ব, নীহা ও বর্ষণ

শিকড় সন্ধানে ডেস্ক

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘ত্রিভুজ’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজনীন নীহা ও ইমতিয়াজ বর্ষণ। নাটকটি পরিচালনা করছেন মাসরিকুল আলম। ইতিমধ্যে চার দিনের শুটিং শেষ হয়েছে, বাকি রয়েছে আরও এক দিনের কাজ। নাটকটিতে লেখক জাভেদ হোসেন রুমীর চরিত্রে দেখা যাবে অপূর্বকে। নাজনীন নীহা অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ঋতুর চরিত্রে। আর ইমতিয়াজ বর্ষণকে দেখা যাবে ব্যবসায়ী মিলন চরিত্রে।

নাটকের গল্পে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঋতুর অনুপ্রেরণায় লেখালেখি শুরু করেন রুমী। একসময় বন্ধুত্ব গড়ায় প্রেমে। কিন্তু পরিবারের নানা দায়িত্ব, বাবার অসুস্থতা এবং মিলনের ওপর পরিবারের নির্ভরশীলতার কথা ভেবে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেন রুমী। পরে মিলনের সঙ্গে ঋতুর বিয়ে হয়। তবে দাম্পত্যজীবনে অতীতের সম্পর্ক নিয়ে সন্দেহ ও নানা টানাপোড়েন তৈরি হলে একপর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ঋতু। এমন পরিস্থিতিতে আবারও ঋতু ও মিলনের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন রুমী। সেখান থেকেই গল্পে তৈরি হয় নতুন এক আবেগঘন মোড়।

নাটকটির গল্প ও চিত্রনাট্য অপূর্বকে বিশেষভাবে টেনেছে। গত রোববার প্রথম আলোকে তিনি বলেন, ‘এই স্ক্রিপ্টের প্রতিটি সংলাপ, প্রতিটি সিচুয়েশন এবং এর ডেপথ আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। এ কারণেই কাজটি করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।’

ইমতিয়াজ বর্ষণের সঙ্গে অপূর্বর এটি তৃতীয় কাজ। এর আগে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ ও ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। তবে নাজনীন নীহার সঙ্গে ‘ত্রিভুজ’ই বর্ষণের প্রথম কাজ।

অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বর্ষণ বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা দারুণ। তাঁর সঙ্গে কাজ করে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আর নীহার সঙ্গে এবারই প্রথম কাজ। সব মিলিয়ে মনে হয়েছে, সুন্দর একটি গল্পের অংশ হতে পেরেছি।’

পরিচালক মাসরিকুল আলমের কাছে ‘ত্রিভুজ’ কেবল প্রেমের সম্পর্কের গল্প নয়। তাঁর ভাষ্যে, ‘ত্রিভুজ শুধু কে কাকে পেল—এই প্রশ্নের গল্প নয়। বরং কাকে ভালোবেসে মানুষ কী হারায়, কী রেখে যায় এবং কোনো কোনো ভালোবাসা কেন পূর্ণতা না পেয়েও সারা জীবন থেকে যায়—সেই গল্প।’

শিস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.
Exit mobile version