
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ বলেন, ওই পাকিস্তানি নাগরিক বাংলাদেশেই বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, শাহবাজ দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসার ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দারোয়ান পুলিশকে খবর দিলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহবাজ পেশায় ব্যবসায়ী। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। তিনি ঢাকার দক্ষিণ বনশ্রীর ৩৮ নম্বর বাসার ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকে বসবাস করতেন।
এসএস/এমএ








