
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিকভাবে অপরিপক্বতা, অদূরদর্শী নেতৃত্ব থেকে বিএনপি সরে না আসায় সাত মাসে সরকার একেবারে লেজেগোবরে জড়িয়েছে। এই সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়ে গেছেন। সরকারে থেকে দায়িত্ব পালন করার সময় এত অপরিপক্ব, অদক্ষ, অরাজনৈতিক বক্তব্য এবং অরাজনৈতিক নেতৃত্ব আমরা আগের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখিনি।
বুধবার (২১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। বক্তব্য রাখেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের বহু ভুঁইফোড় রাজনৈতিক দল নিবন্ধন নিয়েছে। তারা নানান তদবির, লেজুড়বৃত্তি করেছে। মন্ত্রিত্ব, পদ-পদবি, ভাগ-বাটোয়ারার কারণে দল করেন। কিন্তু অনেক লোভ-লালসার প্রস্তাব সামনে থাকার পরেও রাজনৈতিক আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ না করে, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ইসলামী শক্তির সঙ্গে সম্পর্ক রেখে লেবার পার্টি একটা উদাহরণ তৈরি করেছে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলের পক্ষ থেকে আমি বাংলাদেশ লেবার পার্টির আজকের এই ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধন্যবাদ জানাই, শুভকামনা করি।
তিনি বলেন, শ্রমিক-মজুরদের অবস্থা এখন বাংলাদেশে ভালো নেই। বর্তমান প্রধানমন্ত্রী শ্রমিকদের অসন্তোষ, দুই-চার দিন পরপর গার্মেন্টস সেক্টরে, শিল্প সেক্টরে অসন্তোষ, রাস্তা অবরোধ দেখে ওনারা বিরোধী দলকে দায়ী করেন। বলেন, বিরোধী দলের উসকানিতে অস্থিরতা তৈরি হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি তার চেয়ে আরও বেশি। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি। প্রতিনিয়ত জনদুর্ভোগ বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, শ্রমিক পরিবারগুলো এই কঠিন পরিস্থিতিতে জীবন নির্বাহ করতে পারছে না। গার্মেন্টস শ্রমিকসহ সকল পেশার শ্রমিক-মজুরদের বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ন্যূনতম মজুরি নির্ধারণের যে দাবিতে শ্রমিকরা আজকে আন্দোলন করছে, সেই আন্দোলনকে থামানোর জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সে দাবি পূরণ করা সরকারের কর্তব্য।








