
বহির্বিশ্বে পুরোনো ও সুপরিচিত স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা টিসিএল গ্লোবাল বাংলাদেশে তাদের নিজস্ব কার্যক্রম ঘোষণা করেছে। দেশের প্রযুক্তি খাতে বিপণন প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ টিসিএলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এ ব্র্যান্ডের বিপণন ও বিতরণে স্থানীয় দায়িত্ব পেয়েছে। এ ছাড়া ব্র্যান্ডটি এখন থেকে বাংলাদেশে ব্যবসা সম্ভাবনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা
ও স্থানীয় উৎপাদন সক্ষমতার মানোন্নয়নে কাজ করবে। জানা গেছে, বাংলাদেশে স্থানীয়ভাবে স্মার্ট ঘরানার টিভি, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ছাড়াও কয়েকটি স্মার্ট গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে। সর্বাধুনিক প্রযুক্তি, বৈশ্বিক মান ও সুলভ মূল্যের মিশেলে দেশি ভোক্তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। টিসিএল ব্র্যান্ডের রিজিওনাল সেলস ডিরেক্টর মিস ক্যারল বলেন, বাংলাদেশে আমরা এখন অফিসিয়াল হতে পেরেছি। দেশের স্মার্ট ভোক্তারা এখন আমাদের সব ঘরানার স্মার্ট পণ্য নিশ্চিতে ও নির্বিঘ্নে ব্যবহার করার সুবিধা নিতে পারবেন। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন এ প্রসঙ্গে বলেন, চাহিদার দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে প্রযুক্তি খাতে বাংলাদেশ এখন সেরা গন্তব্য। বৈশ্বিক ব্র্যান্ডকে এ দেশের স্মার্ট ভোক্তার কাছে পৌঁছে দিতে এখন থেকে আমরা কাজ করব। এ ছাড়া স্থানীয় উৎপাদনের মাধ্যমে শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। কর্মসংস্থান ছাড়াও এতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে।
উদ্যোক্তারা জানায়, বাংলাদেশ এখন চমৎকার সম্ভাবনার একক বাজার। স্থানীয় উৎপাদন অবকাঠামো গড়ে তুলতে এ ব্র্যান্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। এতে ভোক্তার জন্য পণ্য বৈচিত্র্য, মান এবং মূল্য– সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।





