,

সবচেয়ে কম বয়সী গ্রহের সন্ধান

শিকড় সন্ধানে ডেস্ক

বিজ্ঞানীদের মতে, এত কম বয়সী একটি গ্রহ শনাক্ত হওয়ায় গ্রহ গঠনের একেবারে প্রাথমিক পর্যায় সম্পর্কে জানার বিরল সুযোগ তৈরি হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে কম বয়সী বহির্গ্রহের সন্ধান পেয়েছেন। ‘ইলিয়াস ২-২৪ বি’ নামের গ্রহটির বয়স ১০ লাখ বছরেরও কম বলে ধারণা করা হচ্ছে। পৃথিবী থেকে প্রায় ৪৫০ আলোকবর্ষ দূরে থাকা গ্রহটির ভর বৃহস্পতির কাছাকাছি। বিজ্ঞানীদের ভাষ্য, গ্রহটি এখনো তার জন্মস্থান—গ্যাস ও ধুলার বিশাল চাকতির মধ্যেই বেড়ে উঠছে।

এর আগে সবচেয়ে কম বয়সী হিসেবে পরিচিত চারটি বহির্গ্রহের বয়স ছিল ৫০ লাখ বছরের বেশি। সে হিসাবে ইলিয়াস ২-২৪ বি আগের রেকর্ড ভেঙে দিয়েছে। গবেষণাটি ১৬ সেপ্টেম্বর জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ প্রকাশিত হয়েছে।

গ্রহটি নিয়ে গবেষণার সহলেখক ও চিলির জ্যোতির্পদার্থবিজ্ঞান গবেষক লুকাস সিয়েজা বলেন, এত কম বয়সে এত বড় একটি গ্রহের অস্তিত্ব বর্তমান গ্রহ গঠনের মডেলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তার ভাষায়, আগের সবচেয়ে কম বয়সী গ্রহগুলোর গঠন ব্যাখ্যা করতেই বিদ্যমান মডেলগুলোকে সমস্যায় পড়তে হচ্ছিল। নতুন আবিষ্কারটি দেখাচ্ছে, গ্রহ গঠনের ক্ষেত্রে বিজ্ঞানীদের বর্তমান ধারণায় এখনো গুরুত্বপূর্ণ কিছু প্রক্রিয়া অনুপস্থিত রয়েছে।

চিলির দিয়েগো পোর্তালেস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আন্দ্রেয়া বেরনার্দির নেতৃত্বে একটি দল হাওয়াইয়ের ডব্লিউ এম কেক মানমন্দিরে সংরক্ষিত পুরনো পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ করে গ্রহটির অস্তিত্ব নিশ্চিত করেছে।

ইলিয়াস ২-২৪ নামের অতি তরুণ একটি নক্ষত্রকে ঘিরে রয়েছে গ্যাস ও ধুলার বিশাল চাকতি। এর আগেও বিভিন্ন শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে ওই চাকতির একটি ফাঁকা অংশ শনাক্ত হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা ছিল, সেখানে কোনো নবীন গ্রহ অবস্থান করতে পারে।

পরে কেক মানমন্দিরের করোনাগ্রাফ যন্ত্রে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সেই ধারণার সত্যতা পাওয়া যায়। করোনাগ্রাফ মূল নক্ষত্রের তীব্র আলো আড়াল করে তার কাছাকাছি থাকা তুলনামূলক ম্লান গ্রহ শনাক্ত করতে সহায়তা করে।

গবেষকরা গ্যাস ও ধুলার চাকতি দিয়ে ঘেরা সাতটি তরুণ নক্ষত্রের পুরনো তথ্য পরীক্ষা করেছিলেন। তাদের ধারণা ছিল, নবগঠিত গ্রহ চারপাশের পদার্থ নিজের দিকে টেনে নেয়ার সময় ওই চাকতির মধ্যে ফাঁকা জায়গা তৈরি করে। ফলে এসব ফাঁকা অংশে গ্রহের সন্ধান পাওয়া যেতে পারে। শেষ পর্যন্ত ইলিয়াস ২-২৪ নক্ষত্রের চাকতির এমন একটি ফাঁকা অংশেই গ্রহটির সন্ধান মেলে।

গবেষণার প্রধান লেখক আন্দ্রেয়া বেরনার্দি বলেন, ‘গ্রহগুলোর ওই ফাঁকা অংশেই থাকার কথা, কারণ তারাই এসব ফাঁকা জায়গা তৈরি করে। ইলিয়াস ২-২৪ বি-কে আমরা ঠিক সেখানেই পেয়েছি।’

বিজ্ঞানীদের মতে, এত কম বয়সী একটি গ্রহ শনাক্ত হওয়ায় গ্রহ গঠনের একেবারে প্রাথমিক পর্যায় সম্পর্কে জানার বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ১০ লাখ বছরেরও কম সময়ে বৃহস্পতির সমান ভরের একটি গ্রহ কীভাবে গড়ে উঠতে পারে, তা বুঝতে নতুন এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র সহযোগী প্রতিষ্ঠান

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.
Exit mobile version