, ।
।

পাকিস্তানির জোড়া গোলে ৩ লাল কার্ডের ম্যাচে আবাহনীকে হারাল ব্রাদার্স

শিকড় সন্ধানে ডেস্ক

পাকিস্তানের স্ট্রাইকার সৈয়দ আলী রাজার জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশ ফুটবল লিগে তাদের প্রথম জয় পেল। শুক্রবার গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে। তিন লাল কার্ডের ম্যাচে ১০ জনের আবাহনীর বিপক্ষে ৯ জন নিয়ে খেলা শেষ করে ব্রাদার্স।

বাংলাদেশ ফুটবল লিগে আজ (শুক্রবার) ছিল দুই ম্যাচ। ব্রাদার্সের সঙ্গে রহমতগঞ্জও জয় পেয়েছে। আগামীকাল লিগের তিনটি ম্যাচ রয়েছে। আজ গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে লিড পায় ব্রাদার্স ইউনিয়ন। থিয়াগোর লং বল থেকে পা ছোঁয়ান রাজা। গোলরক্ষক হাত লাগালেও বলের নিয়ন্ত্রণে নিতে পারেননি। 

৪২ মিনিটে বক্সের ভেতর থেকে আল আমিনের শট প্রতিহত করেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক মোহাম্মদ রাজিব। পরের মিনিটেই সানডের হেড লাফিয়ে গ্রিপে নেন রাজিব। প্রথমার্ধ আবাহনী পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া ছিল আবাহনী। ৫৭ মিনিটে সেট পিস থেকে বিশ্বকাপ খেলা নাইজেরিয়ান ফুটবলার বাবাতুঙ্গেকে পাস দেন ইয়াসিন। সেখান থেকে জোরালো শটে গোল করেন রবিউল হাসান। ম্যাচের ৬০ মিনিটে দুই দলের ফুটবলারদের মধ্যে ধাক্কধাক্কি হয়। উত্তেজনা ও বাকবিতন্ডার একপর্যায়ে ওকাচি ও সান্তানা দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। 

৭৬ মিনিটে জামাল ভূঁইয়ার পাস ক্লিয়ার করতে পারেননি মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু। গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়ান রাজা। চার মিনিট পর সজিবের দুরপাল্লার শট ঠেকিয়ে দেন ব্রাদার্সের গোলরক্ষক রাজিব। ৮৯ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের মিরাদ লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়। শেষ মুহূর্তে একজন বেশি নিয়েও আবাহনী বাকি সময় আর গোল দিতে পারেনি। 

পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে ব্রাদার্স ইউনিয়ন। ৪ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া আবাহনী লিমিটেড টেবিলের পঞ্চম স্থানে। অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে হারায় ইয়ংমেন্স ফকিরেরপুলকে।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.