
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তিন অঙ্গরাজ্য থেকে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভায় নির্বাচিত হয়েছেন আবুল খান। তাদের এ সাফল্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে এবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের লড়াই ছাড়াই পুনর্নির্বাচিত হয়েছেন শেখ রহমান। প্রাথমিক নির্বাচনি ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।
এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলীয় মনোনয়ন পান শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পেয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ম্যাককয়ের ভোট ছিল ৫ হাজার ১৬৬।
বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেওয়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে অঙ্গরাজ্যটির ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হয়েছিলেন।









