, ।
।

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শিকড় সন্ধানে ডেস্ক

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঢাকাসহ সারাদেশের পূজাম-পে হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদ্‌যাপন এবং উৎসবে শামিল হয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ জন্য সারাদেশে বিভিন্ন পূজাম-পে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে কীভাবে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। নানাভাবেই দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা কেউ কেউ করছেন। তবে সব ধরনের অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্র সরকার দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিস/এমএ

এ বিষয়ে দলের নেতাকর্মীরা সব সময় সতর্ক থাকবেন বলেও জানান তিনি। নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো প্রতিটি পূজাম-পে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন। এ বিষয়ে কী করণীয় এবং ইতিমধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, আপনারা জানেন দুর্গাপূজা পর্যবেক্ষণে বিএনপি এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে। গত শুক্রবার খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি এবং ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে আগেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তার বিষয়টি নিয়ে বিএনপি অত্যন্ত সচেতন এবং দলের নেতারা এ নিয়ে সজাগ রয়েছেন। বৈঠকে দলের সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যতে সাংগঠনিক তৎপরতা কীভাবে আরো বাড়ানো যায়, তা নিয়ে নেতারা আলোচনা করেছেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্রদলের কমিটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে রিজভী বলেন, এবার কোনো আলোচনা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে আলোচনা হলে জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, আমান উল্লাহ আমান ও ডা. ফরহাদ হালিম ডোনার।

এর আগে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমিত সম্পদের মধ্যেই ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন করে শিল্পের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে। দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট নিরসনে ব্যাংকিং ও আর্থিক খাত পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, বস্ত্র ও তৈরি পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি প্রধান উৎস। এই খাতের সংকট নিরসনে সমস্যাগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণ ও অর্থায়নের সীমাবদ্ধতা, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্সের শর্ত পূরণ সব মিলিয়ে উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী পরিস্থিতি বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.