, ।
।

ডিসেম্বরে পূর্বাচলে বসছে জাতীয় রোভার মুট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিকড় সন্ধানে ডেস্ক

ডিসেম্বরে পূর্বাচলে বসছে জাতীয় রোভার মুট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বাদশ জাতীয় রোভার মুট’। পূর্বাচল ১ নম্বর সেক্টরে ৩০০ ফুট সড়ক সংলগ্ন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সাত দিনব্যাপী এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত এই রোভার মুটের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মাউশি সূত্রে জানা গেছে, স্কাউটিং কার্যক্রম জোরদার ও তরুণের দক্ষতা বিকাশের লক্ষ্যে চার বছর পর পর জাতীয় রোভার মুটের আয়োজন করা হয়। এ বছরের আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৭৭ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করেছে সরকার।

সংশ্লিষ্টরা জানান, এরইমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব সরকারি-বেসরকারি কলেজকে পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, এবারের মুটে সারা দেশের ৬৪টি জেলা থেকে প্রায় দুই হাজার রোভার স্কাউট দল অংশ নেবে। প্রতিটি দল গঠিত হবে ৮ জন দীক্ষাপ্রাপ্ত রোভার স্কাউট এবং ১ জন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডারের (শিক্ষক) সমন্বয়ে।
বিধিমালার কঠোর নির্দেশনায় বলা হয়েছে, ছেলেদের দলের সাথে পুরুষ লিডার এবং মেয়েদের দলের সাথে অবশ্যই নারী লিডার থাকতে হবে। কোনো অবস্থাতেই মেয়েদের দলের সঙ্গে পুরুষ লিডার পাঠানো যাবে না।

আয়োজকেরা জানান, জাতীয় রোভার মুটে অংশগ্রহণের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফরম পূরণ করে আগামী ২০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন ফি পাঠাতে হবে। প্রতি দলের জন্য রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৩ হাজার টাকা। কাকরাইলে জাতীয় স্কাউট ভবনের রোভার অঞ্চল অফিসে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে এই ফি জমা দিয়ে জেলা রোভার স্কাউটস সম্পাদকের মাধ্যমে প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠাতে হবে।

অংশগ্রহণকারীদের অবশ্যই কমপক্ষে প্রশিক্ষণ স্তরের রোভার হতে হবে এবং সাঁতার জানা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া তাঁবুতে থাকার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। অংশগ্রহণকারী দলগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় রান্নাবান্না ও তাঁবু খাটানোর প্রয়োজনীয় সামগ্রী সাথে আনতে হবে বলে আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.
Exit mobile version