, ।
।

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয়ের খরা কাটাল পাকিস্তান

শিকড় স্পোর্টস

টেস্ট ক্রিকেটের আঙিনায় সময়টা ভালো যাচ্ছিলো না পাকিস্তানের। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তলানিতে পড়ে ছিলো তারা। অবশেষে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে বাবর আজমের দল। এটি চলতি বছরে পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়। তেমনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রেও প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল স্বাগতিকরা।

চতুর্থ দিনের সকালে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ৩১৬ রানে থামলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রানের। সেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

আগের দিনের ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে শুক্রবার সকালে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। শেষ উইকেটে লিড বাড়ানোর আশা থাকলেও দিনের দ্বিতীয় ওভারেই আসিথা ফার্নান্দোকে (২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন পেসার মোহাম্মদ আব্বাস। আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ৭ রান যোগ করতে পারে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে ৮৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৬ রানে অপরাজিত থাকেন মিলান রত্নায়েকে। পাকিস্তানের হয়ে আব্বাস ৫৫ রানে ও আমের জামাল ৬৭ রানে ৩টি করে উইকেট নেন। এ ছাড়া রেজাউল্লাহ পান ২ উইকেট।

৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার তৈয়ব আরিফ (১৩) ও মোহাম্মদ তাহাকে (৪) হারালেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি পাকিস্তানকে। আমের জামালের অপরাজিত ৩৪ ও আজান আওয়াইসের অপরাজিত ৩২ রানের ইনিংসে অনায়াসেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। স্পিনার প্রবাথ জয়সুরিয়াকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন জামাল।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছিল পাকিস্তান, আর বাংলাদেশের বিপক্ষে ২-০ ও ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অবশেষে লঙ্কানদের হারিয়ে সেই খরা কাটল।

এর আগে পাকিস্তানের পেস তোপে প্রথম দিনেই মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে বড় লিড ও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে রত্নায়েকে, সোনাল দিনুশা ও অধিনায়ক কুশল মেন্ডিসের ফিফটিতে ইনিংস হার এড়ালেও পরাজয় আটকাতে পারেনি সফরকারীরা।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.