, ।
।
নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প

চট্টগ্রামে দ্রুতগতির যানবাহনে বাড়ছে প্রাণহানি

শিকড় সন্ধানে ডেস্ক

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে, যার ফলে প্রতিবছর সড়কে প্রায় একশ প্রাণহানি ঘটে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদান করে। এ সময় সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়। কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, যা কার্যকর ও নিরাপদ গতিসীমা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। গত মঙ্গলবার সিএমপি কমিশনার জনাব হাসান মো. শওকত আলী চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে ক্যামেরা ব্যবহারের অনুশীলন করেন এবং ক্যামেরার সাধারণ রক্ষণাবেক্ষণ ও সমস্যাসমূহ সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি সড়কে ক্যামেরার ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার জনাব পল সিমক্স এবং জনাব পিটার জোন্স কর্মশালা পরিচালনা করেন। কর্মশালার শেষ দিনে তারা সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত সেফ সিস্টেম পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং রোড ক্র্যাশে গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা যানবাহনে গতিসীমা নিয়ন্ত্রণে প্রযুক্তি ও সড়কে চেকপয়েন্ট পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে আলাদা আলাদা চেকপয়েন্ট বসানো হয়। এসময় তারা স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট স্থাপন ও পরিচালনার অনুশীলন করে। এ সময় জিআরএসপির প্রশিক্ষকরা মাঠপর্যায়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। সমাপনী বক্তব্যে তিনি সড়কে আইন প্রয়োগে নতুন প্রযুক্তির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরীর সড়কগুলোতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী রোড ক্র্যাশ প্রতিরোধে সহায়ক হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান।কবির ভূঁইয়া বলেন, জিআরএসপি’র পক্ষ থেকে পাওয়া সাতটি ক্যামেরা সড়কে যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগের ফলে আরো নিয়মতান্ত্রিকভাবে গতিসীমা পর্যবেক্ষণ ও প্রয়োগ সম্ভব হবে, যা চট্টগ্রামের সকল সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা উন্নয়নে অবদান রাখবে। জিআরএসপি স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, ৮টি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, ৮টি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং ৮টি বহনযোগ্য ক্যানভাস তাঁবু প্রদান করে। প্রাথমিকভাবে বিআরটিএ অনুমোদিত গতিসীমা প্রয়োগে পাইলট প্রকল্পটি নগরীর তিনটি সড়কে পরিচালিত হবে। সড়কগুলো হলো- বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.