, ।
।
শিক্ষার্থীসহ পাবেন যারা

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা

শিকড় সন্ধানে ডেস্ক

ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ স্কিমে অর্থায়ন করা হবে। সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর এটি চালু থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কাজে যুক্ত করা, জীবনমান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য।

কারা পাবেন এ ঋণ : নীতিমালা অনুযায়ী, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এ ঋণের জন্য যোগ্য হবেন। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। নতুন গ্রাহকদেরও এ ধরনের হিসাব খুলতে হবে।

ঋণ পাওয়ার যোগ্য পেশাজীবীদের মধ্যে রয়েছেন জেলে, ছুতার, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ সুবিধা পাবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনোহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ সেবাদাতা, মোবাইল আর্থিক সেবার এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা রয়েছেন।

এ ছাড়া হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মৎস্যচাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী এবং ব্লক-বাটিক ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ঋণ পাবেন। ফ্রিল্যান্সার ও সম্ভাবনাময় উদ্ভাবনী কাজে যুক্ত ব্যক্তিদেরও এ স্কিমের আওতায় আনা হয়েছে।

নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। বিশেষ করে প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী, স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড নেই—এমন কৃষকেরাও যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও কোভিড-১৯-এর মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরও এ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সুবিধাভোগী, বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য এ ঋণ নিতে পারবেন।

শিক্ষার্থীদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। অনূর্ধ্ব ২৫ বছর বয়সী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পাবেন। এ ক্ষেত্রে তাদের অভিভাবককে ঋণ পরিশোধের গ্যারান্টি দিতে হবে।

১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশা বা ব্যবসা পরিচালনার জন্যও শিক্ষার্থীরা ঋণ নিতে পারবেন। এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার খরচ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের গ্যারান্টির ভিত্তিতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

ঋণের পরিমাণ ও জামানতের নিয়ম : নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে ঋণ দেওয়ার আগে গ্রাহকের প্রকৃত প্রয়োজন যাচাই করতে হবে। পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত লাগবে না। তবে ব্যাংক ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে। দলগত ঋণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে একটি দল গঠন করা যাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা ঋণ নিতে পারবেন। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন। অনুমোদিত ঋণের সমপরিমাণ অর্থ গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

সুদের হার ও পরিশোধের সময়সীমা : এ স্কিমের আওতায় অর্থায়নকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। ঋণের যে পরিমাণ অর্থ বাকি থাকবে, তার ওপর সুদ বা মুনাফা হিসাব করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিজস্ব অনুমোদিত পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে নেওয়া মুনাফার হারও বছরে ৭ শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ছয় মাস সময় পাবেন। এ সময়কে গ্রেস পিরিয়ড বলা হয়। গ্রেস পিরিয়ডসহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে পাঁচ বছর বা ৬০ মাস।

ছয় মাসের বিরতি শেষে ব্যাংকগুলো ত্রৈমাসিক কিস্তিতে ঋণের আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ আদায় করবে। তবে গ্রাহকের কাছ থেকে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর বা বার্ষিক কিস্তিতেও টাকা নেওয়া যাবে।

কারা ঋণ পাবেন না, আবেদন যাচাই হবে যেভাবে : নতুন নীতিমালায় ঋণখেলাপিদের এ স্কিমের আওতায় ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্প, পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ সমন্বয় না করা থাকলে সংশ্লিষ্ট গ্রাহক নতুন করে এ সুবিধা পাবেন না। ঋণ দেওয়ার আগে গ্রাহকের আগের ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য সিআইবি প্রতিবেদন সংগ্রহে কোনো ফি নেওয়া যাবে না। এ স্কিমের আওতায় ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এবং কিস্তি আদায় করতে পারবে। এজেন্ট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, তা নিয়মিত তদারক করতে হবে ব্যাংকগুলোকে। প্রতি তিন মাসের ঋণ বিতরণ ও আদায়ের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে পাঠাতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক সরেজমিনে পরিদর্শন করতে পারবে।

নতুন স্কিমে অংশ নিতে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। ঋণের আসল ও সুদ বা মুনাফা পরিশোধের নিশ্চয়তা দিয়ে ব্যাংকগুলোকে আলাদা ডিপি নোটও দিতে হবে।

এসএস/এমএ

শেয়ার করুন:

সাপ্তাহিক শিকড় সন্ধানে’র অনলাইন সংস্করণ

সম্পাদক  : মাসুম আহম্মেদ

যোগাযোগ :
Email : editorshikornews@gmail.com
Web : www.shikorsandhane.com

©২০২৬ শিকড়সন্ধানেডটকম কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট : Kolpotoru IT.