
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৬৭ সেন্টে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ২ সেন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৯৪ ডলার ৭ সেন্টে দাঁড়িয়েছে।মানচিত্র দেখুন
এর আগের কার্যদিবসে ইয়েমেনের হুথিদের সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলার নতুন কৌশল ব্যবহারের বিষয়ে ইরানের ঘোষণার পর ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
বুধবার সামুদ্রিক কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় হামলার শিকার হয়ে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।







