
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ।
প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ু বান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
স্থানীয় সময় বিকেল ৩টায় সম্মেলনের ব্লু জোনের জোন ডি-৩-এর সংবাদ সম্মেলনের রুম-১-এ এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।
তিনি বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
পরিবেশমন্ত্রী বলেন, সীমিত সম্পদ ও সক্ষমতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় জনগোষ্ঠীনির্ভর অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জলবায়ু অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।
এসএস/এমএ









