
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪৫) হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা বালুরঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য দেন নিহত রিপন মিয়ার স্ত্রী শিল্পী বেগম, ছেলে শাওন ও শাহিন, ছোট বোন মনিরা বেগম, ভোলাব ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর আসামিদের দ্রুত গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নিহতের স্বজনরা বলেন, রিপন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম অন্তর্ভুক্ত না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এসএস/এমএ







